বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
আব্দুর রাজজাক:
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, “আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন ছাড়া আল্লাহর আইন বাস্তবায়ন সম্ভব নয় এবং সমাজ দুর্নীতিমুক্ত হতে পারে না।”
তিনি বলেন, “ইতিপূর্বের শাসনব্যবস্থাগুলো ছিল দুর্নীতিপূর্ণ। আল্লাহ যদি আমাদের সহায় হন এবং এ দেশের জনগণ যদি জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে আমরা দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো। চাঁদাবাজি, ঘুষ ও দখলবাজি বন্ধ করতে আমরা দৃঢ় পদক্ষেপ নেবো।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় প্রতাপনগর ইউনাইটেড হাইস্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল বাশার আরও বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন ও উন্নয়নের কাজে কাজ করতে চাই।”
তিনি বলেন, “আপনারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন। এবার একবার জামায়াতে ইসলামীকে দেখুন।” এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
জনসভাস্থলে বিকাল ৩টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আল-আমীন ও মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, শহর ছাত্র শিবির সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক শিবির নেতা মাগফুর রহমান, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র শিবির সভাপতি রফিকুল ইসলাম, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপক কুমার মণ্ডল, শহীদ আনাছ বিল্লাহর পিতা আরেজ আলীসহ আরও অনেকে।