কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে এক বিশেষ সচেতনতামূলক সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন মোট ৩শত কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিনসহ অন্যান্য হাইজিন সামগ্রী বিতরণ করা হয়। কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার প্রধান বিষয়বস্তুগুলো ছিল: কৈশোরকালীন পুষ্টি: সঠিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা: পিরিয়ডকালীন সময়ে সঠিক নিয়ম মেনে চলা এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের গুরুত্ব, স্বাস্থ্যসেবা: টিটি (TT) টিকার প্রয়োজনীয়তা ও সময়মতো টিকা গ্রহণ এছাড়া সামাজিক সচেতনতা: বাল্যবিবাহের কুফল এবং সমাজ থেকে বাল্যবিবাহ রোধে কিশোরীদের সাহসী ভূমিকা ও করণীয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কিশোরীদের দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক গাজী আব্দুল্লাহ। তিনি পিরিয়ডকালীন স্বাস্থ্য ঝুঁকি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষ পরামর্শ দেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আসাদুজ্জামান (রিপন)। তিনি বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরে কিশোরীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। উপস্থিত কিশোরীদের জন্য এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন অভিভাবকরা। তারা জানান গ্রামীণ পর্যায়ে এ ধরনের কর্মসূচি কিশোরীদের জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসী করে তুলবে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে।


















