আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরামের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী দ্বন্দ্ব সংবেদনশীল এইচআরবিএ (হিউম্যান রাইটস বেইজড অ্যাপ্রোচ) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি এ প্রশিক্ষণের আয়োজন করে BARCIK (Bangladesh Resource Center for Indigenous Knowledge)–এর বাস্তবায়িত ‘এনগেজ’ প্রকল্প।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল। উপস্থিত ছিলেন শিক্ষার্থী ফোরামের গাইড শিক্ষক আরাধন কুমার বাছাড়।
‘এনভায়রনমেন্টাল হিউম্যান রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্ট্রেনদেনড লোকাল সিএসও’স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস ইনটু রেজিলিয়েন্ট কমিউনিটিজ (এনগেজ)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের সঙ্গে মানবাধিকার বিষয়ক সম্পর্ক তুলে ধরা হয়।
প্রথম দিনে অংশগ্রহণকারীদের প্রত্যাশা সংগ্রহ, প্রশিক্ষণের লক্ষ্য ব্যাখ্যা এবং প্রি-টেস্ট নেওয়া হয়। পরে মানবাধিকার ধারণা, মৌলিক অধিকার, অধিকারভোগী ও দায়িত্বপ্রাপ্ত পক্ষের ভূমিকা এবং পরিবেশবাদী মানবাধিকার কর্মীদের করণীয় নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় দিনে মানবাধিকারের মূলনীতি যেমন অংশগ্রহণ, জবাবদিহিতা, অখণ্ডনীয়তা, বৈষম্যহীনতা ও ক্ষমতায়ন বিষয়ে দলীয় কাজ, গেম ও মুক্ত আলোচনার মাধ্যমে পাঠদান করা হয়। সমাপনী পর্বে পোস্ট-টেস্টের মাধ্যমে অংশগ্রহণকারীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করা হয়।
আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মানবাধিকার সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা নিজ নিজ এলাকায় দায়িত্বশীল নাগরিক হিসেবে স্থানীয় সমস্যা সমাধান ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারবে।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন এরিয়া অফিসার রোকসানা পারভীন। সহযোগিতা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর রাশিদুল হাসান ও মনিরুল ইসলাম।


















