মোঃ মোকাররাম বিল্লাহ ইমন
সাতক্ষীরায় শিশুদের প্রতি সামাজিক ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা জোরদার এবং যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধের (সি-ডব্লিউ-সি-এস) লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে ‘উদীপ্ত’ নামে একটি নতুন ইয়ুথ ক্লাব বা যুব সংঘ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া এলাকায় হৃদয় মন্ডলের বাসভবনে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে হৃদয় মন্ডলকে সভাপতি, তাপস সরকারকে সহ-সভাপতি এবং নূরজাহান খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সকল সদস্য সভায় উপস্থিত থেকে শিশুদের নিরাপত্তায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী (পিসি) আরিফুর রহমান। তিনি বলেন, “শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় তরুণদের সরাসরি সম্পৃক্ততা অপরিহার্য। এই ‘উদীপ্ত’ যুব সংঘই হবে এলাকার শিশুদের জন্য প্রথম ভরসা।”
সভায় আরও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন অর্থ কর্মকর্তা (এফও) দীপন সরকার, ফিল্ড অফিসার (এফও) ফাল্গুনী সুলতানা, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার (সিএসডব্লিউ) মোঃ রুহুল আমিন এবং রউফুন্নেছা মুন্নী।
বক্তারা উল্লেখ করেন, এই ইয়ুথ দল স্থানীয় পর্যায়ে শিশুদের বিরুদ্ধে ঘটা যেকোনো ধরণের সহিংসতা, বাল্যবিবাহ এবং শোষণ রোধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভা শেষে কমিটির সদস্যরা এলাকাভিত্তিক নিরাপত্তা নিশ্চিতকরণে এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

















